জীবননগর অফিস:
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জীবননগর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। রোববার (১২ এপ্রিল) বিকেলে তিনি থানা প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান গেষসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার ওপর জোর দিয়ে পুলিশ সদস্যদের জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করার নির্দেশনা দেন। গুরুত্বারোপ করেন। এছাড়া বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদ রাখা নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং এ বিষয়ে স্থানীয় জনগণের সাথে সমন্বয় করে কাজ করার পরামর্শ প্রদান করেন।
এছাড়াও থানার অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কল্যাণমূলক বিষয়গুলোতেও গুরুত্ব দেন পুলিশ সুপার। তিনি থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ, দাপ্তরিক কাজের সুষ্ঠু সম্পাদন, ব্যারাকের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী সদস্যদের ছুটি নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. সোয়েব আহমেদসহ থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।