আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশের চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ২ কোটি ৪৭ লক্ষাধিক টাকা মূল্যের ১.১১৬ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
আজ সোমবার ভোরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়কের নিকট থেকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহলদল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওঁত পেতে অবস্থান গ্রহণ করে। এসময় একজন ব্যক্তি বাংলাদেশ হতে উক্ত এলাকা অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য সংকেত প্রদান করে। কিন্তু সে সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।আটককৃত ব্যক্তি দর্শনা মোবারকপাড়া গ্রামের মৃত বাদল খানের ছেলে মোঃ আলমগীর খান (৫৫)।
পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো ০২টি খুলে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১.১৬৬ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২,৪৭,৮৯,১৬০/- (দুই কোটি সাতচল্লিশ লক্ষ ঊননব্বই হাজার একশত ষাট) টাকা।এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।