মহেশপুর-জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মদ, ফেন্সিডিল, গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা ও বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত ও ভোরে ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

প্রথম ঘটনায়, রাত দেড়টার দিকে সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৫৮/৮-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর গ্রামের একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেসিও-৯২৯৭ সুবেদার মোঃ ওমর আলী।

দ্বিতীয় ঘটনায়, ভোর ৫টার দিকে নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৬/৬-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে একটি লিচু বাগান থেকে ১৬ বোতল ফেন্সিডিল এবং ৭২ বোতল বিভিন্ন প্রকার মাদক সিরাপ (কোডিন ফসফেট, উইন সেরেক্স কফ ও এমএস সিরাপ) উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন হাবিলদার মোঃ মাহমুদুর রশিদ।

এছাড়া একই দিন ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/১৪-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে শ্মশানঘাট সংলগ্ন একটি ড্রাগন বাগানের পাশ থেকে পৃথক দুটি অভিযানে ৪ কেজি গাঁজা ও ৪৩৫ বোতল বিভিন্ন মাদক সিরাপ (উইন সেরেক্স ও এসকাফ) উদ্ধার করা হয়। একই স্থানে পরিচালিত আরেক অভিযানে ২৯২৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়।যার বর্তমান বাজার মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা।উল্লেখ্য, সকল অভিযানে কোনো আসামি আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *