বিশেষ প্রতিনিধি –
নেত্রকোণার কেন্দুয়ায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেয়া আগুনে এক বিধবা নারীর বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের বড়কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (২ মে) সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত রমজান আলীর স্ত্রী অভিযোগকারী বিধবা ওই নারী রাতের খাবার শেষে তিনি দুই সন্তানকে নিয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন। রাতে কে-বা কারা পূর্ব শত্রুতার জের ধরে বসতঘরের পূর্ব পাশের বারান্দার জানালা দিয়ে কাপড়ের পর্দায় আগুন ধরিয়ে দেয়।
মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে থাকা পর্দা, লেপ-তোষকসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। তখন তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে ভুক্তভোগীর দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে ও তার সন্তানদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারে।
স্থানীয় বাসিন্দা মো. ফেরদৌস মিয়া বলেন, আগুন লাগার ঘটনা শুনে আমিসহ অনেকেই এসেছিলেন। ঘটনাটি সত্য, প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে গত ১ মে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কেন্দুয়া থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।