দামুড়হুদায় ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান ৩ জন গ্রেফতার 

বিশেষ প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ফসলি জমির টপসয়েল বা উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তিনটি মাটি বোঝাই ট্রাক্টর জব্দ ও তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের লোকনাথপুর এলাকায় টহলরত অবস্থায় দামুড়হুদা মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে মাটি ভর্তি তিনটি ট্রাক্টর থামিয়ে চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনজনকে আটক করা হয় এবং ট্রাক্টরগুলো জব্দ করা হয়।
আটকরা হলেন—দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের বাক্কা চাকলার ছেলে নাফিজ হাসান (২৫), তারানিপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের মৃত আমির আলীর ছেলে রাকিব হোসেন (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, তারা ফসলি জমির মাটি কেটে উপজেলার ব্রেস্ট ব্রিকস ও হেড ব্রিকস নামের দুটি ইটভাটায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৮’ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। ফসলি জমির উর্বর মাটি রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে বিভিন্ন ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে। এতে কৃষিজমির উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে, ভারী যানবাহনের চলাচলে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত হচ্ছে। অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *