সচিবালয়ে পরিবেশ মন্ত্রী ও বিজিএমইএ নেতাদের বৈঠক

টেকসই পোশাক শিল্প ও পরিবেশগত কমপ্লায়েন্সের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, পরিবেশগত কমপ্লায়েন্স এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখার লক্ষ্যে বুধবার (২৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু-এর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ)-এর সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, বিজিএমইএ পরিচালক নাফিস-উদ-দৌলা এবং Kingsley-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আশিকুর রহমান।
বৈঠকে দেশের তৈরি পোশাক ও টেকসই বস্ত্র খাতের বর্তমান বাস্তবতা, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক ক্রেতাদের ক্রমবর্ধমান পরিবেশগত চাহিদার সঙ্গে শিল্পের সামঞ্জস্য বিধানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বিশেষ করে কারখানাগুলোতে পরিবেশগত মানদণ্ড, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার, কার্বন নিঃসরণ হ্রাস এবং সবুজ শিল্পায়নের প্রসারে সরকারের সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়।
বিজিএমইএ নেতারা বৈঠকে উল্লেখ করেন, বাংলাদেশের পোশাক শিল্প ইতোমধ্যে পরিবেশবান্ধব কারখানা স্থাপনে বিশ্বে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। এ অর্জন ধরে রাখতে শিল্পের বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিবেশগত নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নে সমন্বিত ও সহায়ক নীতি গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।
পরিবেশমন্ত্রীও দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক খাতের টেকসই বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও শিল্পোন্নয়ন একে অপরের পরিপূরক। তাই পরিবেশগত ভারসাম্য বজায় রেখে শিল্পের বিকাশ নিশ্চিত করতে সরকার ও শিল্প মালিকদের যৌথভাবে কাজ করতে হবে।
বৈঠক শেষে উভয় পক্ষ দেশের তৈরি পোশাক শিল্পকে আরও পরিবেশবান্ধব, টেকসই এবং আন্তর্জাতিক বাজারে অধিক গ্রহণযোগ্য করে তুলতে ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা ও নিয়মিত সংলাপ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *