জীবননগরে তুলা আবাদ সম্প্রসারণে সহস্কৃরাধিক কৃষকের মাঝে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৬-২৭ মৌসুমে তুলা চাষ সম্প্রসারণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ১ হাজার ১০০ জন কৃষক তুলার বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ পেয়েছেন।
সোমবার (২০ জুলাই) জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গা জোনের উদ্যোগে এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গা জেলার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস. এম. ইজাজুল ইসলাম।
তিনি জানান, জীবননগর উপজেলায় বর্তমানে প্রায় ২ হাজার ৬০০ জন তুলা চাষি রয়েছেন। এর মধ্যে চলতি মৌসুমে ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে তুলার বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে তুলার আবাদ বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, “তুলা একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। দেশের বস্ত্রশিল্পে তুলার চাহিদা দিন দিন বাড়ছে। কৃষকরা যদি আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের পরামর্শ অনুসরণ করে তুলা চাষ করেন, তাহলে উৎপাদন বাড়ার পাশাপাশি লাভও বৃদ্ধি পাবে। সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের তুলা চাষে আরও উৎসাহিত করবে।”
উপকারভোগী কৃষকেরা জানান, বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ পাওয়ায় তাদের উৎপাদন ব্যয় কমবে। এতে তুলা চাষে আগ্রহ বাড়বে এবং আগামীতে আরও বেশি জমিতে তুলার আবাদ করার সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবননগর কটন ইউনিট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় তুলা উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি স্থানীয় পর্যায়ে তুলা চাষ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *