আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে দেড় বছর বয়সের তানহা নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে| এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|
সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে| নিহত তানহা ওই গ্রামের ইজিবাইক চালক মিরাজ হোসেনের মেয়ে|
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা জানান, বিকেলে বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে তানহাসহ কয়েকজন শিশু খেলছিল| একপর্যায়ে অসাবধানতাবশত গাড়িতে থাকা চাবির মাধ্যমে ইজিবাইকটি স্টার্ট হয়ে পেছনের দিকে চলতে শুরু করে| এ সময় তানহা ইজিবাইক থেকে নেমে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে গাড়িটির চাকায় পিষ্ট হয়|
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান| সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে|
হরিণাকুণ্ডু থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অসিত কুমার রায় বলেন, দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি| এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি| আইনগত প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে|