কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১ আহত ১

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপরজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রাম ও সংলগ্ন ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদুরগাছা গ্রামের মৃত ওবায়দুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিনের গোয়ালঘরে গভীর রাতে কয়েকজন চোর গরু চুরি করতে যায়। এ সময় চোরেরা বাড়ির গেট ও দরজা-জানালা বন্ধ করে দেয়। পরে গোয়ালঘর থেকে দুটি গরুর মধ্যে একটি নিয়ে তারা পালিয়ে যায়।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা বাড়ির গেটের তালা ভেঙে পরিবারের সদস্যদের উদ্ধার করেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আশপাশের এলাকায় চোরদের সন্ধানে বেরিয়ে পড়েন।

একপর্যায়ে রাত ৩টার দিকে ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে একটি গরুসহ দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এতে একজন মারা গেছেন এবং অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, “কাউকে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই আইনসম্মত নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রতিটি অপরাধের বিচার হওয়ার বিধান রয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কোনো অবস্থাতেই কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারেন না।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *