জীবননগর-মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার ১২ বাংলাদেশি আটক

মহেশপুর সংবাদদাতা:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬৮-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের সোনা মিয়ার আমবাগানে হাবিলদার মো. কবির মোল্লার নেতৃত্বে নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার (২০ অক্টোবর)সকাল ১১.৪৫ মিনিটে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের একটি কলাবাগান থেকে নায়েব সুবেদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত নিয়মিত টহল দল তাদের আটক করে।

আটক ১২ জনের মধ্যে সাতজন পুরুষ ও পাঁচজন নারী। আটক সাত পুরুষ হলেন-যশোরের অভয়নগরের নওয়াপাড়া গ্রামের মো.নাইম মোল্যা(২২),সাতক্ষীরার কলারোয়ার কলাটুপি গ্রামের মো.শহিদুল মুফতি(৩৫),যশোরের শার্শার গয়ড়া (বেনাপোল) গ্রামের মো.নুর নবী (২৪),মাদারীপুরের রাজৈরের আমগ্রামের শুভ বিশ্বাস(২৪),নড়াইলের গোপালপুর গ্রামের আকাশ রায়(২৩),ঢাকার যাত্রাবাড়ীর উত্তরপাড়ার মো. সজিব(২০)এবং যশোর সদরের সাখারীগাতী গ্রামের মো.ইমামুল হোসেন (২৬)।

বিজিবি জানিয়েছে,আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *