প্রতিযোগিতায় মেধার বিকাশ ঘটবে: এমপি রুহুল আমিন

জীবননগরে ইসলামিক এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষা অংশ নিল ৪১৭ শিক্ষার্থী
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। একই উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় মোট ১ হাজার ৪০০-এর বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষার হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন বলেন, সরকারি বৃত্তির পাশাপাশি বেসরকারি উদ্যোগে ইসলামিক এডুকেশন সোসাইটি শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের যে আয়োজন করেছে, তা প্রশংসনীয়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে এবং ভবিষ্যতে আরও প্রতিযোগিতায় অংশ নিতে তারা উৎসাহিত হবে।
তিনি আরও বলেন, পরীক্ষার হলগুলো ঘুরে শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে দেখেছেন।

বাইরে অভিভাবকেরাও অপেক্ষা করছেন। তিনি আশা প্রকাশ করেন,এসব শিক্ষার্থীর মধ্য থেকেই ভবিষ্যতে দেশ পরিচালনার যোগ্য নেতৃত্ব তৈরি হবে এবং তারা জীবননগরকে দেশব্যাপী পরিচিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান,পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, ইসলামিক এডুকেশন সোসাইটির সভাপতি হাফেজ বিল্লাল হোসেন, কেন্দ্র সচিব রেজাউল ইসলাম, হল সুপার আবু বক্কর ছিদ্দিক, সহকারী শিক্ষক মিজানুর রহমান, আব্দুর রহমান, মহিউদ্দিন ও তারেক আজিজসহ অন্যরা।
উল্লেখ্য, জীবননগর  ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল,মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *