
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া-দেহাটি সড়কে দিনে দুপুরে প্রকাশ্যে মোটর সাইকে ল চুরির ঘটনা ঘটেছে। মালিকের সামান্য অসতর্কতার সুযোগ নিয়ে অজ্ঞাতনামা চোরেরা মুহূর্তের মধ্যে মোটর সাইকেল নিয়ে উধাও হয়ে যায়। ঘটনাটি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে সংঘটিত হয়েছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে আন্দুলবাড়ীয়া বাজারপাড়া এলাকার বাসিন্দা মৃত মোশারফ হোসনে মন্ডলের ছেলে বদর উদ্দিন বদে (৬৫) তার লাল রঙের হিরো ১০০ সিসি মোটর সাইকেলটি দেহাটি-আনসারবাড়ীয়া সড়কের পাশে রেখে পাশের অদুরে মাল্টা বাগানে যান। তিনি আধা ঘন্টা পর দুর থেকে দেখতে পান যে,একজন অজ্ঞাত ব্যক্তি তার মোটর সাইকেলটি স্টার্ট দিয়ে দ্রুতগতিতে আনসারবাড়ীয়া স্টেশনের দিকে নিয়ে যাচ্ছে। তিনি দৌড়ে গিয়ে চিৎকার করেও চোরটিকে থামানো যায়নি। পরবর্তীতে পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করা হলেও কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভুক্তভোগী মোঃ বদর উদ্দিন বদে বলেন, চোরেরা পরিকল্পিত ভাবে তার অবস্থান সম্পর্কে জেনে সুযোগ বুঝে মোটর সাইকেলটি কৌশলে চুরি করেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা হাকিবুর রহমান লিটন বলেন,এলাকায় একই ভাবে সম্প্রতি বেশ কয়েকটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটলেও চোর ধরা পড়ছে না। অন্যদিকে মোটর সাইকেল মালিকেরাও সচেতন হচ্ছেন না। ফলে একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটছে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। মোটরসাইকেল উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি, স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্তের চেষ্টা চলছে।”
সাধারণ মানুষকে এমন চুরির ঘটনা এড়াতে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোথাও সন্দেহজনক কিছু দেখা গেলে দ্রুত থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।