জীবননগর গয়েশপুরে ভুট্টা ক্ষেতের ক্ষতি নিয়ে হামলা: একজন আহত

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের  গয়েশপুর উত্তরপাড়ায় ভুট্টা ক্ষেতের ক্ষতি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা গেছে, মো. তোতা মিয়া (৪২), পিতা মৃত নুর ইসলাম, সাং-গয়েশপুর উত্তরপাড়া, জীবননগর, চুয়াডাঙ্গা — তার ওপর একই এলাকার কয়েকজন ব্যক্তি হামলা চালিয়েছে।

তোতা মিয়া অভিযোগ করেন, তার গরুতে বিবাদী নয়ন হোসেন (২৫), রাজন হোসেন (২৩) এবং তাদের পিতা বাদশা মিয়ার (৪৫) ভুট্টা ক্ষেতের ক্ষতি হয়েছে বলে সন্দেহ করে তারা ১৯ মার্চ ২০২৫ তারিখ বিকেল ৫টার দিকে হাতে দা, লোহার রড ও হাসুয়া নিয়ে বেআইনিভাবে তার বাড়িতে প্রবেশ করে। প্রকাশ্যে খুন-জখমের হুমকি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, নয়ন হোসেন তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো হাসুয়া দিয়ে কোপ দেয়, যার ফলে মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। মাটিতে লুটিয়ে পড়লে তারা সবাই মিলে তাকে মারধর করতে থাকে।

তোতা মিয়ার চিৎকারে স্থানীয় সাক্ষী মিন্টু মিয়া, জাহাঙ্গীর হোসেন, শুভ মিয়া, তামিম হোসেনসহ আরও অনেকে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়।

সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম পাকু বলেন, “ঘটনার কথা লোকমুখে শুনেছি, তবে প্রকৃত কারণ সম্পর্কে অবগত নই।”

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *