জীবননগর গঙ্গাদাসপুরে শ্বশুরের চিকিৎসার উদ্যোগ নিতে গিয়ে জামাতা ও পরিবারের সদস্যদের উপর হামলা

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার  জীবননগর  উপজেলার  সীমান্ত  ইউনিয়নের  গঙ্গাদাসপুর  পূর্বপাড়ায়   অসুস্থ  শ্বশুরের চিকিৎসার উদ্যোগ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন জামাতা শাহাব উদ্দিন আহম্মেদ (৪৫) ও তার পরিবার। এ ঘটনায় তার স্ত্রী, দুই ছেলে ও ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গ্রহন করেন।

ভুক্তভোগী শাহাব  উদ্দিন জানান , তার শ্বশুর   আনিসুর রহমান  সম্প্রতি  স্ট্রোক করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। কিন্তু পরিবারের কিছু সদস্য তাকে সঠিক চিকিৎসা না দিয়ে অবহেলা করছিলেন। শ্বশুরের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে তিনি বুধবার সকাল ১০টার দিকে তার দুই ছেলে মাসুম ও রকিবুল, স্ত্রী নিলুফা খাতুন ও ভাই নাসির উদ্দিনকে সাথে নিয়ে শ্বশুরবাড়ি গঙ্গাদাসপুরে যান।

তবে চিকিৎসার বিষয়টি নিয়ে কথা বলার এক পর্যায়ে বিবাদীরা উত্তেজিত হয়ে ওঠেন। অভিযোগ অনুযায়ী, বিবাদী সাব্দার হোসেনের (৬০) হুকুমে বাশার আলী (৪৬) বাঁশের লাঠি দিয়ে শাহাব উদ্দিনের মাথায় আঘাত করেন।  এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এরপর অন্যান্য অভিযুক্তরা মিলে তাকে বেধড়ক মারধর করেন।

এ সময় শাহাব উদ্দিনের স্ত্রী, সন্তান ও ভাই বাধা দিতে গেলে তাদেরও এলোপাতাড়ি মারধর করা হয়। ফলে তারা গুরুতর আহত হন। হামলাকারীরা শাহাব উদ্দিনের একটিঅ্যান্ড্রয়েড মোবাইল এবং তার ছেলে মাসুমের ইনফিনিক্স মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে।

ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতরা জীবননগর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। যেখানে শাহাব উদ্দিনের মাথায় সেলাই দেয়া হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা মূলত আনিসুর রহমানকে চিকিৎসা না দিয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যাতে তার সম্পত্তি আত্মসাৎ করা যায়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।  

এ বিষয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল কুদ্দুস বলেন,ঘটনার ব্যাপারে আমার কোন কিছু জানা নেই। জেনে শুনে পরবর্তীতে জানানো যাবে।

এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হবে। ###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *