জীবননগর খয়েরহুদায় প্রতিবেশীর হামলায় স্বামী-স্ত্রী আহত, হাসপাতালে চিকিৎসাধীন

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার  কেডিকে   ইউনিয়নের  খয়েরহুদা  পশ্চিমপাড়ায়  প্রতিবেশীদের হামলায় নাসির উদ্দিন (৫৩) ও তার স্ত্রী রিনিয়া খাতুন গুরুতর আহত হয়েছেন। আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী   নাসির উদ্দিনের   অভিযোগ, তার  প্রতিবেশী জাফর   আলী প্রায়ই   তার স্ত্রীকে নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতিত স্ত্রী বাবার বাড়ি চলে গেলে জাফর আলী ও তার ভাই জালাল উদ্দিন (৫৫) এ ঘটনার জন্য নাসির উদ্দিনের স্ত্রীকে দায়ী করেন।

গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নাসির উদ্দিন তার বাড়ির সামনে বসে থাকাকালীন অভিযুক্তরা সেখানে উপস্থিত হয়ে আকস্মিক ভাবে তার ওপর হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, জালাল উদ্দিনের নির্দেশে জাফর আলী খেজুর গাছের কাটা যুক্ত ডাল দিয়ে নাসির উদ্দিনকে মারধর করেন। এতে তিনি মারাত্মক ভাবে আহত হন।

এ সময় চিৎকার শুনে নাসির উদ্দিনের স্ত্রী রিনিয়া খাতুন এগিয়ে এলে জাফর আলী মাটি থেকে ইট তুলে তার মাথায় আঘাত করেন। এতে রিনিয়া গুরুতর রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যেখানে রিনিয়ার মাথায় চারটি সেলাই দেয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে নাজমিন নাহার, আব্দুল কাদের, জনি হোসেন ও সাইফুল ইসলামসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

আহত নাসির উদ্দিন জানান, হামলাকারীরা বর্তমানে তাদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে ও হুমকি দিচ্ছে। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে কেডিকে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ইসরাফিল হোসেন বলেন,ঘটনাটি আমি শুনেছি। তবে জাফর আলীর বিরুদ্ধে প্রতিবেশীদের অভিযোগ সে তার স্ত্রীকে প্রায়ই কারণে অকারণে অত্যাচার নির্যাতন করে থাকে। ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে,সেখানেই বিষয়টি নিস্পত্তি হবে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *