
জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাকা গ্রামের তুরস্ক প্রবাসী যুবকের ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে তার নিকট থেকে এদেশীয় প্রতারক চক্রের সদস্যরা অর্ধ-লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, উপজেলার পাকা মাঝপাড়া গ্রামের মো. হুমায়ুন কবিরের ভাই রাজিব হোসেন দীর্ঘদিন ধরে তুরস্কে প্রবাসী হিসাবে কর্মরত আছেন। তিনি নিয়মিত ভাবে বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছে টাকা পাঠিয়ে থাকেন। এই সুযোগ কাজে লাগিয়ে একদল সাইবার অপরাধী তার কণ্ঠ নকল করে প্রতারণার ফাঁদ পেতে অর্থ আত্মসাৎ করেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, গত ২২ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে এবং পরের দিন ২৩ মার্চ সকাল ৯:২৫ মিনিটের সময় অজ্ঞাতনামা প্রতারক চক্রের সদস্যরা রাজিব হোসেনের কণ্ঠস্বর হুবহু নকল করে পরিবারের সদস্যদের ফোন দেয়। তারা জানায় যে রাজিব হোসেনের পিতা গুরুতর অসুস্থ এবং দ্রুত টাকা প্রয়োজন। এতে বিশ্বাস স্থাপন করে পরিবারের সদস্যদের নিকট দুটি লেনদেনে ৩০ হাজার এবং সাড়ে ২৮ হাজার টাকা পাঠিয়ে দেয়।
পরবর্তীতে রাজিব হোসেন জানতে পারেন যে, তিনি এমন কোনো ফোন দেননি এবং প্রতারকরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠ নকল করেছিল। প্রতারণার ঘটনায় ব্যবহৃত মোবাইল নম্বর দুটি হলো-০১৭৭৭৮২২০৫৪ ও ০১৭৯৪৪৮১৮০৫।
ভুক্তভোগী পরিবার প্রতারকদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন ,প্রতারক চক্রের সদস্যরা দিনে দিনে তাদের প্রতারণার ধরন পরিবর্তন করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে প্রতারণা করে যাচ্ছেন। তবে এটি একটি নতুন ধরনের সাইবার প্রতারণা। যেখানে ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে, এবং প্রতারকদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার রোধে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে, কোনো আর্থিক লেনদেনের আগে প্রেরকের পরিচয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এমন প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তারা