আবু সাইদ শওকত আলী,নিজস্ব প্রতিবেদক:
ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে অনুষ্ঠিত হয়েছে বিশেষ এক ক্যাম্পেইন।
মঙ্গলবার মাগরিবের নামাজের পর থেকে এশার আজান পর্যন্ত শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ গেট থেকে শুরু হয়ে বাজারজুড়ে এই ক্যাম্পেইন পরিচালিত হয়।
এই আয়োজনের মাধ্যমে বাজারের ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য বিক্রি না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
আয়োজকরা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে পণ্য বয়কট একটি কার্যকর প্রতিবাদ হতে পারে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজী, বিশিষ্ট ব্যবসায়ী মাজেদুল ইসলাম মাজু,
বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আনিছুর রহমান, মিঞা অটো রাইস মিলের স্বত্বাধিকারী সাজেদুল ইসলাম সাজু মিঞা,
সাংবাদিক বসির আহাম্মেদ, হাফেজ মাওলানা মুফতি আল-মামুন, ব্যবসায়ী দবির আলীসহ ইউনিয়নের অসংখ্য মুসলিম নাগরিক।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “দখলদার ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, কিন্তু বিশ্ব মুসলিম নেতৃত্ব আজ নীরব। এই পরিস্থিতিতে আমাদের প্রতিবাদের ভাষা হতে হবে সংযত কিন্তু দৃঢ়।
আমরা সংঘাত নয়, বরং ইসরায়েল ও মার্কিন পণ্য বর্জনের মাধ্যমে আমাদের অবস্থান জানাব।”
তারা আরও বলেন, মুসলিম বিশ্বকে এখনই ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে হবে।