জীবননগর-মহেশপুর সীমান্তে বিজিবির সফল অভিযান: মাদক উদ্ধার ও অবৈধ অনুপ্রবেশকারীদের আটক

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার  জীবননগর ও মহেশপুর  সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ   অনুপ্রবেশ রোধে  একাধিক অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর নেতৃত্বে চালানো

এই অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার এবং নারী, পুরুষ ও শিশুসহ একাধিক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার বিভিন্ন সময়ে বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

জীবননগর  উপজেলার রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭১/৮-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর ক্যাম্পের নায়েব সুবেদার ভুঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে জনৈক মোঃ হাসান আলীর আমবাগান থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অপরদিকে একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে   জীবননগর বিওপির    আওতাধীন কাঁলা   গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি রেন্টি গাছের গোড়া থেকে এক কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। হাবিলদার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

বুধবার সকাল  সকাল ৯টার দিকে মহেশপুর উপজেলার  কুসুমপুর বিওপির টহল দল জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের বৃত্তিপাড়া জামে মসজিদের উত্তর পাশে অভিযান চালায়।

নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্ত পিলার ৬১/৭-এস এর নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে এক দালালসহ মোট ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন-বাগেরহাটের আসলাম ফরিক(৫৩),আলমগীর হোসেন,পিরোজপুরের নাসির গাজী(৩৭)। এদের সাথে দু’জন শিশু ছিল।

 এদিকে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা বিওপির আওতাধীন হুদাপাড়া গ্রামের বটতলা মোড়ে বিজিবির নিয়মিত টহল দল ৭ জন বাংলাদেশিকে আটক করে। এদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

আটককৃত পুরুষদের পরিচয়:-যশোরের তন্ময় বিশ্বাস(২৬),জয় ঠাকুর(১৮),সুশান্ত কুমার টিকাদার(৭০) এবং খুলনার প্রভাত বিশ্বাস(২৪)

একই দিন রাত ৮টার দিকে পলিয়ানপুর গ্রামের কাজীরবের পাকা রাস্তার উপর থেকে ২ জন বাংলাদেশি নারীকে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় আটক করে বিজিবি।

নায়েব সুবেদার মোঃ উবাইদুল্লাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সীমান্ত পিলার ৬০/২৬-আর এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ  অনুপ্রবেশ  প্রতিরোধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলছে। দেশকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে বিজিবির এ ধরণের তৎপরতা অব্যাহত থাকবে।”

বিজিবির এসব অভিযানে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মানব পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়দের দাবি, এই তৎপরতা আরও জোরদার করলে সীমান্ত অপরাধ আরও হ্রাস পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *