আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রেমের সম্পর্ক থেকে শুরু হওয়া একটি দাম্পত্য সম্পর্ক এখন
আদালতের দ্বারস্থ। দশ মাস সংসার করার পর স্ত্রী নাজিফা আক্তার শুপ্তি ঝিনাইদহ নারী ও শিশু
নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী ওলিয়ার রহমান লিয়নের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।
মামলায় ওলিয়ারের মা, ভাই ও বোনকেও আসামি করা হয়েছে।
ভুক্তভোগী ওলিয়ার রহমান জানান, “বিয়ের আগে আমাদের ৬-৭ মাস প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি শুপ্তির পরিবার জানতে পেরে তার অন্যত্র বিয়ের
চেষ্টা করে। পরে আমরা তার মামা রবিউল ইসলামের বাড়ি সলেমানপুরে গিয়ে আব্দুল কাদের হুজুরের উপস্থিতিতে ইজাব-কবুলের
মাধ্যমে বিয়ে করি। এরপর আমরা প্রায় ১০ মাস একসাথে সংসার করি।”
তিনি আরও বলেন, “দাম্পত্য জীবনে মাঝে মাঝে মতবিরোধ দেখা দিত, কারণ শুপ্তি হঠাৎ করেই তার বাবার বাড়ি বা খালার বাড়িতে চলে যেত।
এ নিয়ে আমাদের মধ্যে কিছুটা সমস্যা তৈরি হয়। শেষ পর্যন্ত আমি তালাক দিই এবং খোরপোষের টাকাও নিয়ম অনুযায়ী পরিশোধ করি।
এরপর তার পরিবার আমাকে হয়রানি করতে ধর্ষণের মামলা দায়ের করে।”
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী বলেন, “তারা প্রায় এক বছর সংসার
করেছে। হঠাৎ করেই তালাকের খবর পেলাম। তবে মেয়েটি শুরু থেকেই ছেলের সঙ্গেই থাকত।”
অন্যদিকে, শুপ্তির পিতা ফিরোজ হোসেন বলেন, “তারা প্রেম করে বিয়ে করে,
কিন্তু আমি এ বিয়েতে রাজি ছিলাম না। পরে জানতে পারি, ওলিয়ার আমার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।
তাছাড়া তাদের বিয়ের কোনো বৈধ কাগজপত্র এখনো দেখাতে পারেনি। তাই মেয়ের সম্মানের স্বার্থে ধর্ষণের মামলা করেছি।”
খোরপোষের বিষয়ে তিনি দাবি করেন, “আমি কোনো টাকা রিসিভ করিনি। তারা নিজেরা নিজের নামে টাকা পাঠিয়ে এখন মিথ্যা দাবি করছে।”
এ বিষয়ে প্রতিবেশী শাকিল হোসেন বলেন, “তাদের প্রেমের সম্পর্ক ছিল।
পরে মেয়ের মামার বাড়িতে গিয়ে বিয়ে করে। কাজী দিয়ে বিয়ে হয়েছে কিনা নিশ্চিত না হলেও,
হুজুর ডেকে দোয়ার অনুষ্ঠান হয়েছিল।”
ঘটনার সময় উপস্থিত থাকা হুজুর আব্দুল কাদের বলেন, “ঘটনাটি এক বছর আগের। মেয়ের মামা
আমাকে অনুরোধ করেন ছেলেকে নিয়ে দোয়া করতে। আমি দোয়া করি, তবে বিয়ের কাবিননামা বা আনুষ্ঠানিকতা সম্পর্কে কিছু জানি না।”
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।