আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশের সিডাক পুকুরপাড়ে এক যুবকের গাছে ঝুলন্ত
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) ভোর ছয়টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন।
নিহতের নাম মধু (২২)। তিনি সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হিরাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ট্রাকচালক। তার পিতার নাম বিল্লাল হোসেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে হাঁটতে বের হয়ে পুকুরপাড়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মধুর মরদেহ দেখতে পান তারা।
পরে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এলাকাবাসীর মতে, ঘটনাটি ঘিরে নানান রহস্যের জন্ম হয়েছে। কেউ একে আত্মহত্যা বলে ধারণা
করলেও, অনেকেই সন্দেহ করছেন এটি একটি পরিকল্পিত হত্যা। তাদের আশঙ্কা, মধুকে রাতে
হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান,প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা
রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।
তবে আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি।
হঠাৎ এই মৃত্যুর ঘটনায় গোটা শহরে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।