গঞ্জেরখবর ডেস্ক:-
যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি রয়েলকে আটক করা
হয়েছে। সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ এ অভিযান চালায়।
আটককৃত রয়েল হাড়িয়া দেয়াড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সে এলাকায় চাঁদাবাজি,
সন্ত্রাসী কার্যকলাপ ও অস্ত্র বহনের অভিযোগে পরিচিত এবং তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অন্তত চারটি ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের
একটি বিশেষ টিম হাড়িয়া দেয়াড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে রয়েলের বাড়ি ঘিরে
ফেলে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক রয়েলের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলা
দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা
হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ বলছে, রয়েল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে এলাকায়
একাধিকবার অভিযোগ উঠলেও সে বিভিন্ন সময় আত্মগোপনে ছিল।
সম্প্রতি তার এলাকায় অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং তাকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে রয়েলকে আটক এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সাধারণ মানুষ মনে করছেন, এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হলে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।
পুলিশ জানিয়েছে, রয়েল ও তার সহযোগীদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও তদন্তের কাজ চলছে। অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।