আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
পারুল আক্তার পপি, যাকে আমরা স্নেহভরে “পারু আপা” বলে ডাকতাম, ছিলেন এক বহুমাত্রিক
প্রতিভার অধিকারী সংগ্রামী নারী। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরাবাগ সোনাপুর
গ্রামের এক কৃষক পরিবার থেকে উঠে আসা এই সাহসিনী, নিজের মেধা, পরিশ্রম ও মানবিক গুণে
হয়ে উঠেছিলেন সমাজ উন্নয়ন ও সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল মুখ।
পারু আপার কর্মজীবন শুরু হয় যশোরের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থায়।তিনি মাঠ পর্যায়ে সরাসরি
মানুষের সঙ্গে কাজ করেছেন, সমাজের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে রেখেছেন দৃশ্যমান
ভূমিকা। সর্বশেষ তিনি দায়িত্ব পালন করছিলেন মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সেবা বিষয়ক দেশব্যাপী
কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান Innovation for Wellbeing Foundation-এর যশোর
অফিসের সমন্বয়কারী হিসেবে। তাঁর উদ্যোগ, নিষ্ঠা ও নেতৃত্বে যশোরে এই সংস্থার কার্যক্রম বিশেষ গতিসঞ্চার পায়।
শুধু পেশাগত নয়—পারু আপা ছিলেন যশোরের সাংস্কৃতিক অঙ্গনেরও পরিচিত মুখ।
তিনি মঞ্চ নাটকে অভিনয় করেছেন, অংশ নিয়েছেন সাহিত্য-সংস্কৃতিমূলক নানা আয়োজনে।
নজরুল চেতনার সাহিত্য সংগঠন ‘অগ্নিবীণা’
কেন্দ্রীয় সংসদের কর্মসূচিতেও তার উপস্থিতি ছিল উজ্জ্বল। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে তিনি
নিজ হাতে আমন্ত্রণপত্র নিয়ে পৌঁছে যেতেন সংবাদপত্রের অফিসে।
তার প্রাণবন্ত কণ্ঠ, আন্তরিক আমন্ত্রণ—“অবশ্যই আসতে হবে ভাই”—এই কথাগুলো এখনো কানে বাজে।
পারু আপার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল ক্যান্সারের বিরুদ্ধে লড়াই। দীর্ঘদিন ঢাকার বিভিন্ন
হাসপাতালে চিকিৎসাধীন থেকেও তিনি হার মানেননি মনোবলে। মৃত্যুর মুখোমুখি হয়েও মানুষের সঙ্গে
হাসিমুখে কথা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রেখেছেন প্রাণস্পর্শী কিছু পোস্ট।
গত ৫ জুলাই নিজের ফেসবুক প্রোফাইলে বি পজিটিভ রক্তের আবেদন জানিয়ে শেষ পোস্টটি
করেন। তার আগে ৭ জুন, ২০ জুন ও ২৩ জুনের পোস্টগুলোয় তিনি বিদায়ের ইঙ্গিত দিয়ে আবেগঘন ভাষায় কথা বলেন প্রিয়জনদের উদ্দেশ্যে।
সবশেষে, ২৫ জুলাই বিকেলে, অবশেষে থেমে যায় তার লড়াইয়ের পথচলা। যশোরবাসীর হৃদয়ে তিনি
রেখে গেছেন অসংখ্য স্মৃতি, অগণিত ভালোবাসা।
পারু আপা শুধু একজন নারী ছিলেন না, তিনি ছিলেন একজন অনুপ্রেরণা। তার সদা হাস্যোজ্জ্বল মুখ,
মিষ্টভাষী কণ্ঠ ও মানবিক হৃদয় চিরকাল মনে রাখবে যশোরবাসী।
পারু আপা, আপনি ওপারে ভালো থাকুন। আপনার আত্মা শান্তিতে বিশ্রাম নিক এই প্রার্থনা আমাদের সকলের।