জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা,মনন,সৃজনশীলতা ও শিক্ষাজীবনের অর্জনকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রোববার(২৯নভেম্বর)সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মোতালেব, দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম,বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সানোয়ার হোসেন,জীবননগর ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনিসুর রহমান শিপলু এবং প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি মো. খালিকুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইড প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাসুদ পারভেজ রানা।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ের স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়। তাদের হাতে সম্মাননা তুলে দিয়ে শিক্ষাক্ষেত্রে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা,শৃঙ্খলা, সততা,দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ অত্যন্ত জরুরি। শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়;বরং অর্জিত জ্ঞানকে দেশ,সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা তৈরি করতে হবে। তাঁরা বিদায়ী শিক্ষার্থীদের আগামী শিক্ষাজীবনে সাফল্য কামনা করেন এবং বৃত্তিপ্রাপ্তদের এ অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
বিদ্যালয়ের সার্বিক শিক্ষাকার্যক্রম ও সাফল্যের বিষয়ে আয়োজকরা জানান, জীবননগর উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাইড প্রি-ক্যাডেট স্কুল একটি পরিচিত ও উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠাতা পরিচালক মো.মাসুদ পারভেজ রানার দক্ষ পরিচালনা ও বলিষ্ঠ নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে।
সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে পরিচালিত এ প্রতিষ্ঠানটিতে আধুনিক শিক্ষাক্রম অনুসরণ করে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড,খেলাধুলা,সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালনের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম,সামাজিক সচেতনতা,সাংস্কৃতিক চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতাও আশাব্যঞ্জক। বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন নামকরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কৃতিত্বের সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে। স্থানীয় পর্যায়ে একটি বেসরকারি উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সৃজনশীল বিকাশের সুযোগ তৈরি করা প্রতিষ্ঠানটির অন্যতম ইতিবাচক দিক।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তির মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর হয়ে ওঠে।
বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন মুহূর্ত,বৃত্তিপ্রাপ্তদের অর্জনের স্বীকৃতি এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদান,শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং আগামী দিনের জন্য যোগ্য,দক্ষ ও মানবিক নাগরিক গড়ে তোলার প্রত্যয়ে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের এ আয়োজন স্থানীয় শিক্ষাঙ্গনে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।