বিশেষ প্রতিনিধি:-ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রভাবশালীবিএনপি নেতার ছত্রছায়ায় জোরপূর্বক জমি
দখলের অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগী মো. শিমুল
হোসেন দাবি করেছেন। তিনি গত ২৫ জুলাই শৈলকুপা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগে জানা যায়, বোয়ালিয়া গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে মো. শিমুল হোসেনের পরিবার
দীর্ঘদিন ধরে ২১ নং উত্তর বোয়ালিয়া মৌজার ৮০০, ৮০১ ও ২৫৮১ নম্বর দাগের ৩৯.৬৬ শতক এবং
১২১৬ নম্বর দাগের ২০ শতক জমির মালিক।
জমিগুলোর মালিকানা সংক্রান্ত ১৯৫৬ সালের দলিল
এবং ১৯৬২ সালের রেকর্ড অনুযায়ী এসব জমি শিমুলের দাদা কোবাদ আলী শাহ ও তার ভাই বিরু
শাহ-এর নামে নিবন্ধিত ছিল। পরবর্তীতে আরএস রেকর্ডে শিমুলসহ অন্যান্য ওয়ারিশদের নামে নামজারি সম্পন্ন হয়।
শিমুল হোসেন দাবি করেন, জমিগুলো নিয়ে বর্তমানে শৈলকুপার সিনিয়র সহকারী জজ আদালতে একটি
মামলা চলমান রয়েছে (মামলা নম্বর– ০৮/২০২৫)। তবে আদালতের রায় হওয়ার আগেই গত ২৪ জুলাই
রতিডাঙ্গা গ্রামের মৃত কোবাদ আলী মোল্লার ছেলে আব্দুর রশিদ মোল্ল্যা, ফজলুর রহমান মোল্লা
ও আব্দুর রশিদের ছেলে মো. পারভেজ মোল্ল্যা জোরপূর্বক এসব জমি দখল করে নেয়।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা স্থানীয় বিএনপি নেতা কাজলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ দখল কার্যক্রম পরিচালনা করেছে।
শিমুল আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমির মালিকানা প্রতিষ্ঠা করতে
চেয়েছিলাম। কিন্তু প্রতিপক্ষরা বিচার না মেনে বলপ্রয়োগে জমি দখল করেছে। এ বিষয়ে আমরা
সেনা ক্যাম্পসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত
অভিযোগ দিয়েছি। আমরা চাই, আইন অনুযায়ী বিচার হোক এবং আদালতের রায়ই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে প্রস্তুত।”
অভিযোগ বিষয়ে প্রতিপক্ষ আব্দুর রশিদ মোল্ল্যার বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে
(০১৭৩৯০০১৮৪৬) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ভুক্তভোগীদের আবেদন, অবিলম্বে বিষয়টি
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জমির প্রকৃত মালিকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক।