মণিরামপুরে সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিল্টন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:

যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ছাত্রলীগের

সভাপতি মনিরুজ্জামান মিল্টনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজ

চলাকালীন সময়ে উপজেলার সদর ইউনিয়নের নিজ গ্রাম হাজরাকাটি জামে মসজিদ থেকে তাকে আটক

করা হয়। অভিযানটি পরিচালনা করে মণিরামপুর থানা পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা যায়, মনিরুজ্জামান মিল্টনের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক

কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একাধিক গোপন প্রতিবেদনের ভিত্তিতে

তাকে নজরদারিতে রাখা হয়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, “মিল্টনের বিরুদ্ধে

রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ

খতিয়ে দেখতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, মনিরুজ্জামান মিল্টন ২০২৪ সালের ৫ জুলাই রাতে এক ভয়াবহ হামলার শিকার হন।

ওই রাতে মণিরামপুর পৌরশহরের তার নিজ বাসায় একটি সহিংস হামলা চালানো হয়। আন্দোলনরত

একদল দুর্বৃত্ত তার বাসভবনে হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে এবং মৃত ভেবে ফেলে

রেখে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি কিছুটা সুস্থ হয়ে সম্প্রতি গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

তার এই গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায়

রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীদের একাংশ দাবি করছেন, এটি

একটি পরিকল্পিত প্রতিহিংসামূলক গ্রেফতার। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সবকিছু তদন্তের পর প্রকৃত তথ্য সামনে আসবে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *