পাপন চৌধুরী, ঝিনাইদহ প্রতিনিধি:-
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে
শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বুধবার সকালে কোটচাঁদপুর মডেল
সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিছুল
ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ ইসলাম,
প্রকল্প কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া সুলতানা, বন কর্মকর্তা শফিকুল
ইসলাম এবং একাডেমি সুপারভাইজার ফারুক হোসেন প্রমুখ।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও সাধারণ মানুষের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
এবারের মেলায় কোটচাঁদপুর, কালিগঞ্জ, মহেশপুরসহ আশপাশের এলাকার নার্সারির মালিকেরা দেশি
ও বিদেশি প্রজাতির ফলের চারা, বনজ ও ঔষধি গাছ প্রদর্শন ও বিক্রয় করছেন।
দর্শনার্থীরা মেলা থেকে পছন্দমতো চারা ক্রয় করে ঘরে নিয়ে যাচ্ছেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বনায়নের কোনো বিকল্প নেই। তাই বৃক্ষরোপণকে
সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। এই ধরণের বৃক্ষমেলা মানুষের মাঝে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী পাঁচ দিন ধরে প্রতিদিনই আলোচনা সভা, চারা বিতরণ এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।