জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে প্রেমঘটিত বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় মারধর, লুটপাট
ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আশিকুল ইসলাম (৩০) কর্তৃক দায়ের করা লিখিত অভিযোগে জানা যায়, তার চাচাতো ভাই
ওয়াসিকুল ইসলামের সঙ্গে প্রতিপক্ষ শওকত আলীর মেয়ে তরুনা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তারা পালিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তরুনা খাতুনকে
উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। অন্যদিকে ওয়াসিকুল ইসলাম এখনও প্রতিপক্ষের ভয়ে বাড়িতে ফিরতে পারেননি বলে পরিবারের দাবি।
অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শওকত আলী, সম্রাট হোসেন, ইদ্রিস আলীসহ সাতজন হাতে লাঠি, রড, দা ও হাসুয়া নিয়ে আশিকুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এসময়তাদের নারী সদস্যরা মারাত্মক ভাবে আহত হন।
আশিকুল ইসলাম জানান,তার মা শিরিনা খাতুনকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করা হয়। এ সময় তার স্ত্রী কাজলী খাতুন ঘটনা ঠেকাতে গেলে তাকেও বেধড়ক মারধর করার পর তার গলার সোনার চেইন,
কানের দুল ও নাকের নথসহ প্রায় এক লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়া হয়। বাধা দিতে গেলে চাচী মহিমা খাতুন এবং বৃদ্ধা নানী জাহানারা খাতুনকেও মারধর করে আহত করা হয়। এ ঘটনায় আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য আরজাম আলী বলেন,প্রেমঘটিত বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে সংঘর্ষের খবর শুনেছি। স্থানীয় ভাবে সমাধান না হলে বিষয়টি আইনগত ভাবে মীমাংসা হবে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।