বিশেষ প্রতিনিধি:
নয়া দিগন্তের সাবেক সম্পাদক, প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন আর নেই। শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি
শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
গত ৩০ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও গত সপ্তাহে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পুনরায় হাসপাতালে ভর্তি হলে সেখানেই তিনি ইন্তেকাল
করেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার দেহে খনিজের ঘাটতি ও অতিরিক্ততা (সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়াম), ইউরিন সমস্যা, শ্বাসকষ্ট এবং রক্তচাপের ওঠানামাসহ নানা জটিলতা ছিল।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ মাগরিব রাজধানীর মনিপুরি পাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
আলমগীর মহিউদ্দিন নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ
থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ের জনক। চার বছর আগে তার স্ত্রী ইন্তেকাল করেছেন।