বিশেষ প্রতিনিধি
এক সাথে চার কন্যা সন্তান জন্ম দেওয়া পরিবারের পাশে দাঁড়ালেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল
ইসলাম। তিনি বাচ্চা ও তাদের মায়ের সুস্থতার জন্য নগদ অর্থ প্রাদন করেন। রোববার শিশুদের মায়ের
হাতে এই অনুদান তুলে দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা।
জানা যায়, শনিবার যশোরের চুড়ামনকাটি গ্রামের সম্পা বেগম (২৫) বিকেলে যশোর আদ-দ্বীন
হাসপাতালে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তবে একজন মারা গেছে।
সম্পা বেগমের স্বামী শামীম মন্ডল সিঙ্গাপুর প্রবাসী। তাদের বাড়ি সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রসব বেদনা শুরু হলে গৃহবধূ সম্পাকে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি
করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে সিজারের মাধ্যমে তিনি চার কন্যা সন্তানের জন্ম দেন। এর মধ্যে সন্ধ্যায়
একজন মারা যায়। রাতেই পারিবারিক কবরস্থানে মৃত নবজাতকের দাফন সম্পন্ন করা হয়েছে।
বাকি তিনজনের মধ্যে দুইজন সুস্থ ও একজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একসঙ্গে চার সন্তানের জন্ম খুবই বিরল। এই অস্ত্রোপচার সম্পন্ন করেন
আদ-দ্বীন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার শিলা পোদ্দার ও তার চিকিৎসক দল।
এ বিষয়ে আদ-দ্বীন হাসপাতালের ব্যবস্থাপক
মুজাহিদুল ইসলাম জানান, প্রসব করা চার সন্তানের মধ্যে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের শিশুর মৃত্যু
হয়েছে। ১ কেজি ৯০০ গ্রাম ওজনের আরেক শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। বাকি দুই শিশুর ওজন
এক কেজি ৫০০ গ্রাম। বর্তমানে তারা সুস্থ আছে। প্রসূতি সম্পা বেগমের চিকিৎসা চলছে।
বাচ্চাদের ও তার মায়ের চিকিৎসার জন্য পাশে দাড়ালেন যশোরের জেলা প্রশাসক।
এদিকে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য পরিবার ও এলাকাবাসী জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানিয়েছে।
অর্থ প্রদান করার সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা বলেন, একটা বাচ্চা মারা গেছে এবং
একটা বাচ্চা গুরুতর অসুস্থ। তাদের চিকিৎসার জন্য জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে পরিবারকে নগদ
অর্থ তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।