জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালার উদ্বোধন হয়।
প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং-এর অতিরিক্ত পরিচালক জামাল উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মানুষের পুষ্টি আসে খাদ্যের মাধ্যমে, আর গাছের পুষ্টি আসে মাটি থেকে।
গাছের জন্য প্রয়োজন ১৭ প্রকার পুষ্টি উপাদান, কিন্তু রাসায়নিক সারের সব উপাদান গাছ সরাসরি গ্রহণ করতে পারে না।
জৈব পদার্থের হিউমাস এসব পুষ্টি গাছের মূলরোমে পৌঁছে দেওয়ার পরিবেশ সৃষ্টি করে।
তিনি আরও বলেন,প্রতি বছর সরকার কৃষকদের সারের ভর্তুকি হিসেবে প্রায় ২৭ হাজার কোটি টাকা ব্যয় করছে।
কিন্তু অনেক ক্ষেত্রে কৃষকরা প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করছেন, যা মাটির উর্বরতা হ্রাস করছে।
যেমন, দেয়ালের প্লাস্টারে সিমেন্টের পরিমাণ কম দিলে যেমন বালি ঝুরঝুরে হয়ে যায়, তেমনি
অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটির গঠন নষ্ট হয় এবং ফসল উৎপাদন কমে যায়।
তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান— পরিমিত মাত্রায় সার প্রয়োগের পাশাপাশি জৈব সার
ব্যবহারে অভ্যস্ত হতে, যাতে মাটির গঠন ও স্বাস্থ্য রক্ষা পায় এবং দীর্ঘমেয়াদে ফসল উৎপাদন
টেকসই হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করেন
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন
এলাকার শতাধিক কৃষক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে জৈব সার প্রস্তুত ও প্রয়োগ পদ্ধতি, মাটির উর্বরতা
রক্ষা, ফসলের পুষ্টি ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হবে।