আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী (কুঠিবাড়ি) গ্রামে নবগঙ্গা নদীর পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০
অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু হলো — কাতলামারী গ্রামের সোহেল হোসেনের ছেলে আরিয়ান (৫) ও একই গ্রামের তারা মিয়ার মেয়ে তাসনিমা খাতুন (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আরিয়ান ও তাসনিমা অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যায়। কিছুক্ষণ পর দেখা যায়, তারা দুজন আর পানির ওপরে উঠছে না।
পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর নদীর পাড় থেকে কিছুটা দূরে তাদের ভাসমান দেহ উদ্ধার করে।
দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন জানান, “দুই শিশু একসঙ্গে
নদীতে গোসল করতে গিয়েছিল। তারা কেউ সাঁতার জানতো না। ফলে গভীর পানিতে নেমে ডুবে যায়।
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করি।”
ঘটনার পর পুরো কাতলামারী গ্রামে নেমে আসে শোকের ছায়া। শিশু দুটির বাড়িতে চলছে মাতম ও আহাজারি। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে গ্রামজুড়ে
শোকের ছায়া নেমে এসেছে। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকার মানুষজন গভীরভাবে মর্মাহত।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আব্দুল্লাহ আল মামুন) বলেন, “নবগঙ্গা নদীতে
গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর ভাষ্য, বর্ষার সময় নদীতে পানির স্রোত ও গভীরতা বেড়ে যায়।
শিশুদের নিরাপত্তার জন্য নদী সংলগ্ন এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড ও সচেতনতা কার্যক্রম জরুরি হয়ে পড়েছে।