জীবননগর গয়েশপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলা: নারীসহ তিনজন আহত  নগদ টাকা লুটের অভিযোগ

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর ক্লাবপাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের সদস্যদের ওপর হামলার  অভিযোগ  উঠেছে। হামলায়   এক নারীসহ  তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  (৩০ অক্টোবর )  বিকাল   সাড়ে  ৩টার  দিকে  উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর ক্লাবপাড়ার ফকির চাঁদ মন্ডলের ছেলে প্রান্তিক কৃষক অহিদুল ইসলাম  নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তাদের পারিবারিক বিষয় নিয়ে কথাবার্তা বলছিলেন।

এ সময় তার নিকটতম প্রতিবেশী মোক্তার হোসেন, আত্তাব হোসেন (৪৫), মানিক হোসেন এবং জরিনা খাতুন বিনা উসকানিতে অহিদুল ইসলামের বাড়িতে প্রবেশ করে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ওপর হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত করে।

অহিদুল ইসলামের অভিযোগে বলা হয়, প্রতিপক্ষরা বিনা কারণে প্রকাশ্যে খুন–জখমের হুমকি দিয়ে তাকে, তার স্ত্রী ফরিদা খাতুন এবং ছেলে সুমন হোসেনকে বেধড়ক মারধর করে জখম করে।

হামলার সময় বিবাদী মোক্তার হোসেন ফরিদা খাতুনকে মারপিট করে পরণের কাপড়-চোপড় ছিঁড়ে বেআবরু করে দেয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অহিদুল ইসলামের ছেলে সুমন হোসেন মা–বাবাকে রক্ষা করতে গেলে মোক্তার হোসেন তার মাথায় ভ্রমর দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় অহিদুল

ইসলামের নিকট থাকা ব্যবসায়িক কাজে ব্যবহৃত ৫০ হাজার  টাকা মাটিতে পড়ে গেলে, মোক্তার হোসেন উক্ত টাকা কুড়িয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলার ঘটনায় আহত অহিদুল ইসলাম, ফরিদা খাতুন ও সুমন হোসেন স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রতিপক্ষরা নানা রকম খুন জখমের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

এ বিষয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম বলেন,ঘটনাটি আমি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। তবে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক ভাবে আমাদের কাছে আসেনি। শুনেছি, ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান,ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *