আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে পালিত হলো
গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ
(আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহের
অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান। পরে অতিথিরা বেলুন উড়িয়ে
আনুষ্ঠানিকভাবে দিবসের উদ্বোধন ঘোষণা করেন। এরপর আইডিইবি জেলা শাখার নেতৃবৃন্দ,শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন
প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রকৌশলীদের
অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে আইডিইবি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মুন্সী আবু জাফর,সহসভাপতি ইঞ্জিনিয়ার
শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন,দেশের
টেকসই উন্নয়ন, সড়ক-মহাসড়ক, বিদ্যুৎ, নির্মাণ, যোগাযোগব্যবস্থা, কারিগরি শিক্ষা বিস্তারসহ প্রতিটি অবকাঠামো উন্নয়নে
ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আধুনিক প্রযুক্তি, স্মার্ট
অবকাঠামো ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্ব আগের চেয়ে বহুগুণ বেড়েছে।
বক্তারা আরও বলেন,কারিগরি শিক্ষাকে আরও শক্তিশালী করতে হলে আধুনিক ল্যাব
স্থাপন,আপডেট কারিকুলাম,শিল্প-কারখানায় হাতে-কলমে প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষক তৈরি করা জরুরি। দক্ষ জনশক্তি
গড়ে তোলা গেলে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সময়ের ব্যাপার মাত্র।
উদযাপনে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট,বিভিন্ন কারিগরি শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।