ঝিনাইদহ–১ আসনে বিপ্লবী কমিউনিস্ট লীগের প্রার্থী সাংবাদিক সাহিদুল এনাম পল্লব

আবু সাইদ শওকত আলী, বিশেষ প্রতিনিধি:-

আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ–১ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ও সাংবাদিক কমরেড সাহিদুল এনাম পল্লব।

১৯৬৯ সালের ৩১ অক্টোবর শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামে জন্ম নেওয়া সাহিদুল এনাম পল্লবের বাবা মরহুম মাসুদুল ইসলাম মিয়া ছিলেন স্থানীয়ভাবে ক্রীড়াপ্রেমী ও সৎ সমাজসেবক হিসেবে পরিচিত।

সাহিদুল এনাম পল্লব কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে কামান্না বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেন। বিদ্যালয়ের এক শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ১৯৮৬ সালে তিনি ওই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরের বছর আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে তৃতীয় বিভাগে এসএসসি এবং ১৯৯২ সালে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৯৫ সালে মাগুরা আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় থেকে বিএসএস ডিগ্রি অর্জন করেন। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে এলএলবি ও রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করতে পারেননি।

মাস্টারদা সূর্যসেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৮৪ সালে বিপ্লবী ছাত্র মৈত্রীর মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তী সময়ে আবাইপুর ইউনিয়ন কমিটির সহ-সাধারণ সম্পাদক, ঝিকরগাছা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

মাগুরা জেলায় ছাত্র মৈত্রীর জেলা সহ-সভাপতি ও পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এর পর তিনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিতে যুক্ত হন। কর্মসূত্রে ২০০২ সালে সংযুক্ত আরব আমিরাত গেলে সেখানে প্রবাসী ওয়ার্কার্স পার্টির সংগঠন গঠনে ভূমিকা রাখেন।

২০১৮ সালে ওয়ার্কার্স পার্টির বিভ্রান্তিকর রাজনীতির বিরোধিতা করে তিনি দলটি থেকে বেরিয়ে আসেন এবং পরবর্তীতে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী), ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাংগঠনিক নেতৃত্বে যুক্ত হন। বর্তমানে তিনি বিপ্লবী কমিউনিস্ট লীগের ঝিনাইদহ জেলা শাখার সম্পাদক ও ঝিনাইদহ বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক।

সাহিদুল এনাম পল্লব ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে নেতৃত্ব দিয়ে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বরে তাৎক্ষণিক সমাবেশের আয়োজন করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানেরও অন্যতম সক্রিয় সংগঠক ছিলেন। এছাড়া ৯০-এর দশকে এরশাদবিরোধী আন্দোলনে ঝিকরগাছা এলাকায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

তার স্ত্রী স্বপ্না সুলতানা ২০০৯ ও ২০১৪ সালে শৈলকূপা উপজেলা পরিষদে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করে সম্মানজনক ভোট লাভ করেন।

আসন্ন নির্বাচনে শৈলকূপার জনগণ তাকে সমর্থন দিলে এলাকায় দুর্নীতি, মাদক ও সামাজিক সন্ত্রাসমুক্ত প্রশাসন গড়ে তোলা,
পেঁয়াজ চাষীদের জন্য আধুনিক সংরক্ষণাগার স্থাপন,
বিদ্যালয়-কলেজে আধুনিক বিজ্ঞানাগার নির্মাণ,
শৈলকূপা হাসপাতালে ২৫০ শয্যা সুবিধাসহ আধুনিকায়ন, এবং ১৪ ইউনিয়নে চিকিৎসাসেবা নিশ্চিত করতে এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ ছাড়া যুবসমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভেটেরিনারি প্রশিক্ষণ ও গবাদিপশু–হাঁস-মুরগি পালনে সহায়তা কার্যক্রম চালানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *