জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকাসক্ত ছেলেকে নিজ হাতে পুলিশের কাছে তুলে দিয়েছেন এক পিতা। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের রফিক হোসেনের ছেলে টুটুল মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে নিয়মিত ভাবে নিজ বাড়িতেই মাদক সেবন করে মাতলামি করে আসছিল। এ কারণে পরিবারে প্রায়ই অশান্তি সৃষ্টি হতো। পরিবারের সদস্যদের বারবার নিষেধ ও বোঝানোর পরও তার আচরণে কোনো পরিবর্তন না আসায় শেষ পর্যন্ত আইনের সহায়তা নেয়ার সিদ্ধান্ত নেন তার বাবা।
সোমবার সকালে টুটুল মিয়াকে ধরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান তার পিতা রফিকুল ইসলাম রফিক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে টুটুল মিয়ার পিতা রফিক হোসেন জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। শত চেষ্টা করেও তাকে সংশোধন করা সম্ভব হয়নি। প্রতিনিয়ত মাদক সেবনের মাধ্যমে সে পরিবারে অশান্তি সৃষ্টি করছিল। ছেলেকে সঠিক পথে ফেরাতে বাধ্য হয়েই আইনের আশ্রয় নিতে হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।