চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :-

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বিকাল তিনটার দিকে  চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর পর নবাগত পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার বলেন,জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে মা’দক ও চোরাচালান প্রতিরোধ,সড়ক ও মহাসড়কে সক্রিয় সিন্ডিকেট ও চাঁদাবাজি দমন, ফুটপাত দখলমুক্তকরণ,যানজট নিরসন এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশি নজরদারি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়াও তিনি বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সাইবার বুলিং, কিশোর গ্যাং ও অনলাইন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ,অভিভাবক,শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন পুলিশ সুপার।

সভায় পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রকৃত, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গঠনমূলক সমালোচনা ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা পুলিশকে সহযোগিতা করলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে বলে তিনি মত প্রকাশ করেন।

তিনি আরও বলেন,পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা,সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং নিয়মিত যোগাযোগ বজায় থাকলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ চুয়াডাঙ্গা গড়ে তোলা যাবে।

মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভা শেষে মুক্ত আলোচনার মাধ্যমে সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং পুলিশ সুপার সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *