জীবননগরে আলেম-ওলামাদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনে  বিএনপির প্রার্থী বাবু খানের  মতবিনিময়

খালেদা জিয়ার সুস্থতা ও জিয়াউর রহমানসহ পরিবারের জন্য দোয়া ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু জীবননগর উপজেলার আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। বুধবার (আজ) দুপুর ১২টার দিকে জীবননগর শহরের নূর প্লাজার দ্বিতীয় তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলেম-ওলামাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মাহমুদ হাসান খান বাবু বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচিতে ইমাম ও খতিবদের জন্য সরকারিভাবে মাসিক ভাতা প্রদানের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। তবে এসব বিষয় হয়তো এখনও ব্যাপকভাবে জনগণের সামনে তুলে ধরা সম্ভব হয়নি। তিনি বলেন, আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম আগামীকাল থেকে শুরু হবে এবং আজ প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে এসব প্রতিশ্রুতি আরও জোরালোভাবে জনগণের সামনে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি ও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করা আচরণবিধির লঙ্ঘন নয়। বরং গণতন্ত্রকে সুসংহত করতে জনগণের মধ্যে হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরা প্রয়োজন।
মাহমুদ হাসান খান বাবু বলেন, “হ্যাঁ ভোটের মধ্য দিয়েই ভবিষ্যতে যেন কোনো স্বৈরতন্ত্র আমাদের ওপর ভর করতে না পারে, সেই পথ তৈরি হবে। একটি দল বা একজন ব্যক্তি তখনই স্বৈরাচারে পরিণত হয়, যখন তার কোনো জবাবদিহিতা থাকে না। হ্যাঁ ভোটের মাধ্যমে সেই জবাবদিহিতার কাঠামো তৈরি হবে। তখন রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখোমুখি হতে হবে এবং এতে স্বৈরাচারী প্রবণতা কমে আসবে।”
মতবিনিময় সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভাটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের খান।
এসময় উপস্থিত ছিলেন বাঁকা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিরুল ইসলাম আজহারী,জীবননগর থানা শাখা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শাহ জামাল, হযরত হুযাইফা (রা.) মাদ্রাসার মুহতামিম মাওলানা হুসাইন আহমাদ, মাওলানা বদরুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *