চুয়াডাঙ্গা-২ আসনে “দারুণ দামুড়হুদা, দর্শনীয় দর্শনা,জীবন্ত জীবননগর” গড়ার প্রত্যয় বিএনপির এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর

বিশেষ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা-২ আসনকে একটি উন্নয়নসমৃদ্ধ, মানবিক ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে “দারুণ দামুড়হুদা, দর্শনীয় দর্শনা ও জীবন্ত জীবননগর” নির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

রোববার(২৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে তার নিজ বাসভবনে দর্শনা প্রেসক্লাব ও দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময়কালে মাহমুদ হাসান খান বাবু বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের তিনটি উপজেলা—দামুড়হুদা, দর্শনা ও জীবননগর—প্রতিটি এলাকার রয়েছে আলাদা সম্ভাবনা ও ঐতিহ্য। সঠিক পরিকল্পনা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এই অঞ্চলকে একটি মডেল আসনে রূপান্তর করা সম্ভব। তিনি জানান, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শিল্প ও কর্মসংস্থান খাতে সমন্বিত উন্নয়নই হবে তার প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, “দর্শনাকে শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা, দামুড়হুদাকে আধুনিক কৃষি ও শিক্ষা নগরীতে রূপান্তর এবং জীবননগরকে প্রাণবন্ত উপজেলা হিসেবে উন্নীত করাই আমার লক্ষ্য। এসব বাস্তবায়নে তরুণ সমাজ, সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা অপরিহার্য।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার থাকবেন।
মতবিনিময় সভায় দর্শনা ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাটি প্রাণবন্ত আলোচনা ও পারস্পরিক মতামত বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *