মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির তিনটি সফল অভিযান

বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার অবৈধ অনুপ্রবেশকালে ১১ জন আটক
শহিদুল ইসলাম,মহেশপুর,সংবাদদাতা:-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে নিমতলা বিওপির একটি টহল দল ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মাদকগুলো সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে যাদবপুর বিওপির একটি টহল দল মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের একটি কাঁচা রাস্তার পাশের জঙ্গল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৮৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট ও ৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে। তবে মাদক উদ্ধারের এ দুই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে সকাল ৬টা ২০ মিনিটে পোলিয়ানপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
আটককৃত পুরুষদের পরিচয় হলো-ধীরাজ দত্ত (৭০), মনিরামপুর, যশোর; গৌরাঙ্গ দাস (৫৩), মুকসুদপুর, গোপালগঞ্জ; মনোহর হালদার (৬২), কোটালীপাড়া, গোপালগঞ্জ এবং দুলাল হালদার (৪২), কোটালীপাড়া, গোপালগঞ্জ।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলা দায়েরপূর্বক মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *