আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে যে সরকারকে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করবে-এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফল নির্ধারণ করবেন একমাত্র বাংলাদেশের জনগণই। জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই যুক্তরাষ্ট্র সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত।
বুধবার (২৯ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠক প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “আমি এইমাত্র প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক শেষ করেছি। সেখানে আমরা ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের জন্য যে নীতিমালা, প্রস্তুতি ও প্রক্রিয়া গ্রহণ করেছে, সে বিষয়ে সিইসি আমাকে অবহিত করেছেন।”
তিনি আরও জানান, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি আশা প্রকাশ করেছিলেন যে নির্বাচনের দিনটি হবে উৎসবমুখর। রাষ্ট্রদূত বলেন, “আমিও সেই প্রত্যাশাই করি। আমি চাই বাংলাদেশের জনগণ যেন অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, নিজেদের মতামত প্রকাশ করতে পারে এবং নির্বাচনটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।”
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, মার্কিন সিনেটে তার নিশ্চিতকরণ শুনানির সময় থেকেই তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে গভীর আগ্রহ অনুভব করছেন। “আমি নির্বাচনটি নিয়ে আশাবাদী এবং ফলাফল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “প্রধান নির্বাচন কমিশনার আমার সঙ্গে যে তথ্যগুলো ভাগাভাগি করেছেন, তাতে আমি সন্তুষ্ট। আপনাদের মতো আমিও ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছি।”
এদিকে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. আখতার হোসেন জানান, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই আগ্রহী এবার ও তার ব্যাতিক্রম নয়। বাংলাদেশে নিযুক্ত মার্কিন ব্রেন ক্রিস্টেনসেন এর আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনার তিনি পোষ্টাল ব্যালট, নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে খোজ খবর নিয়েছেন। এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। তবে নির্বাচনের দিন সিলেট অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল পর্যবেক্ষণ কার্যক্রমে উপস্থিত থাকবেন।