আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলীয় কোনো প্রার্থী না থাকায় চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু খানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় জীবননগর উপজেলার একটি থ্রি-স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত এক সভায় এ সমর্থনের ঘোষণা দেওয়া হয়। সভায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাজী রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাবু খানের প্রতি দলের সমর্থনের কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজান কবির, সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মমিনুল ইসলাম হানেহার, সাধারণ সম্পাদক মোসাব কাক্কা, দপ্তর সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান রিপন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সমর্থন ঘোষণাকালে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন,
“জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকায় আমরা চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খাঁন বাবু খানকে সমর্থন দিয়েছি। জামায়াতে ইসলামী আমাদের দলকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে, তাই তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্যের সুযোগ নেই। বিএনপির সঙ্গে জাতীয় পার্টির বহু বিষয়ে মিল রয়েছে। বাবু খান নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা আশাবাদী।”
সমর্থনের প্রতিক্রিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু খান বলেন,
“মহাজোটের শরিক দল হিসেবে জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জাতীয় পার্টি আমাকে সমর্থন দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে চুয়াডাঙ্গা-২ আসনের সকল মানুষের জন্য কাজ করব।”
সভা শেষে জাতীয় পার্টি ও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।