আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুরে গলায় ওড়না পেঁচিয়ে রওশন আরা (৩২) নামের এক নারীর উদ্ধার ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ। বৃহস্পতিবার
সকালে উপজেলার বেতবাড়িয়া আন্দারকোটা পাড়ায় নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান রওশন আরা। সকালে তার মেয়ে বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে উকি দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় মায়ের মরদেহ দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হয়ে মহেশপুর থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত রওশন আরা ওই গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী ফারুক হোসেন ঢাকায় অবস্থান করেন বলে জানা গেছে।