শান্তিপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জীবননগরে বিজিবি-৬ এর জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস:-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬ ব্যাটালিয়নের উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় জীবননগর হাই স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, উপ-অধিনায়ক মেজর মোঃ মাসুদ হায়দার এবং কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক মোহাম্মদ শামিম পারভেজ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল ইফতেখার হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তবে কেবল বাহিনীর একক প্রচেষ্টায় নয়, স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতার মাধ্যমেই সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
তিনি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম লক্ষ্য করলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।
বিজিবি কর্মকর্তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক সভা ও মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত বক্তারা শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন ও সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *