জীবননগর মাধবখালী সীমান্তে ৫৮ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে  মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর মাধবখালী বিওপি সদস্যরা। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১.৪৫ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়,মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৭১/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জনৈক ফজেলের ভুট্টা ক্ষেতের মধ্যে সন্দেহজনক ভাবে লুকিয়ে রাখা অবস্থায় মাদক দ্রব্যের চালানটি উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাধবখালী বিওপির নায়েব সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত গাঁজা পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি জানান,সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদক মুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, মহেশপুর সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *