ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কা: বাইসাইকেল আরোহী নিহত, আহত-৫

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। খুলনা থেকে কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আলী উপজেলার বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস বারোবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি হোটেলে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে থাকা বাইসাইকেল চালক কাওসার আলী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হন। স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আলমগীর কবির জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *