আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহে মঞ্চায়িত হয়েছে পালা নাট্য ‘পালাকারের মৃত্যু’। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঝিনাইদহে চার দিন ব্যাপী স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মঞ্চায়িত হয় এই নাটক। ঝিনেদা থিয়েটারের আয়োজনে লামিয়া ঐশ্বর্য’র রচনা ও নির্দেশনায় এ পালা নাট্যে অংশ নেয় ১১ জন নাট্যকার। ৩০ মিনিট ব্যাপী এই পালায় গ্রামীণ ঐতিহ্যের অন্যতম ধারক পালাকারের জীবনবোধ, অনুভূতি ও সংগ্রামের গল্প উঠে আসে হৃদয়স্পর্শী উপস্থাপনায়।
নাটকের মূল প্রেক্ষাপটে ফুটে ওঠে আধুনিক যুগের কোলাহলে হারিয়ে যেতে বসা পালা গান ও লোকজ সংস্কৃতির বেদনাময় বাস্তবতা। একই সঙ্গে তুলে ধরা হয়, ভাইরাল বিনোদনের পেছনে ছুটতে গিয়ে তরুণ প্রজন্ম কীভাবে ভুলতে বসেছে নিজেদের শেকড় ও ঐতিহ্য। যা উপভোগ করে শহর ও শহরতলীর শত শত দর্শক। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা ও তা নতুন প্রজন্মের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে মঞ্চায়িত হয় এই পালানাট্য বলে জানান আয়োজকরা।