জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) উপজেলার নাসিম ফিলিং স্টেশন ও অংগন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,পাম্পে তেল সংগ্রহের সময় সরকারি নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দুটি পৃথক মামলায় দুই ব্যক্তিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারায় আরেক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা বজায় রাখা, ভোক্তাদের ভোগান্তি কমানো এবং কৃত্রিম সংকট প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, “জীবননগরে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন নিয়মিত তদারকি করছে। কেউ সরকারি নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি বা অবৈধ মজুত করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।