জীবননগর অফিস:-
জীবননগর উপজেলা এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭২ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার(১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া ও সদরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) শোয়েব আহমেদ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ভারতীয় ব্র্যান্ডের নিষিদ্ধ ৭২ বোতল ফেন্সিডিল (স্থানীয়ভাবে ফেয়ারডিল ও ইউনসেরেক্স নামে পরিচিত) উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী ও আশ্রয়দাতারা পালিয়ে যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আতিয়ার রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জীবননগর উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু মাদক ব্যবসায়ী নয়, মাদকের সঙ্গে যেকোনোভাবে সম্পৃক্ত ব্যক্তি—সহযোগী বা আশ্রয়দাতা—কারও বিরুদ্ধেই ছাড় দেওয়া হবে না।পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।