আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা শহরে একটি বহুতল ভবনে রং করার সময় নিচে পড়ে এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম সোয়েব আলী (৪৫)।
রোববার (১৯ মার্চ) সকালে শহরের পোস্ট অফিস সংলগ্ন আক্তার ফার্মেসির চতুর্থ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়েব আলী ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের হরিপুর স্কুলপাড়া এলাকার বাসিন্দা এবং মতিয়ার রহমানের পুত্র। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভবনের চতুর্থ তলায় রং করার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান সোয়েব আলী। পড়ে যাওয়ার সময় তিনি প্রথমে বিদ্যুতের তারে আঘাতপ্রাপ্ত হন এবং পরে মাটিতে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, খবর ছড়িয়ে পড়লে নিহতের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান,প্রাথমিক ভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা ছিল।