জীবননগরে পঁচা মাংস বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযান: দোকান সিলগালা

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় পঁচা মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মে)সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।এ সময় অভিযুক্ত মাংস বিক্রেতা পালিয়ে যায়।

অভিযানে পৌর এলাকার ব্যবসায়ী আরজ আলীর(৪০) মাংসের দোকানে পঁচা মাংস বিক্রির সত্যতা পাওয়া গেলে দোকানটি সিলগালা করা হয়। একই সঙ্গে দোকানে থাকা অবশিষ্ট পঁচা মাংস জনসমক্ষে নষ্ট করে দেয়া হয়। অভিযুক্ত আরজ আলী পৌর এলাকার দৌলৎগঞ্জ ফকিরপাড়ার জানু শাহার ছেলে। অভিযানের খবর পেয়ে তিনি দোকান ছেড়ে পালিয়ে যান বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের রহমানের ছেলে বাদল মাংস ব্যবসায়ী আরজ আলীর দোকান থেকে ১৩ কেজি মাংস ক্রয় করেন। বাড়িতে নেয়ার পর মাংসে দুর্গন্ধ ও পচনের লক্ষণ দেখতে পেয়ে তিনি তা ফেরত দিতে দোকানে যান। এ সময় মাংস বিক্রেতা ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ উঠে।

পরে ভুক্তভোগীরা জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ইউএনও ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল বলেন,অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগেই অভিযুক্ত ব্যবসায়ী পালিয়ে যান। তদন্তে পঁচা মাংস বিক্রির সত্যতা পাওয়া গেছে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় দোকানটি সিলগালা করা হয়েছে এবং পঁচা মাংস ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *